বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের নতুন সময়সূচি শুরু, সন্ধ্যা ৬টায় বন্ধ বিপণীবিতান

 


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া কঠোর অফিস সময়সূচি রোববার থেকে কার্যকর হয়েছে । নতুন সূচি অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অপরদিকে, বিপণীবিতান, খুচরা দোকান ও শপিংমল বন্ধ রাখতে হবে সন্ধ্যা ৬টায় ।


বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিও পুনর্বিন্যাস করেছে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, কিন্তু গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত । পুঁজিবাজারে লেনদেন আগে বিকেল ২টা ৩০ মিনিটে শেষ হতো, এখন তা শেষ হবে বিকেল ২টায় ।


জরুরি সেবাগুলোকে এই সময়সূচির আওতার বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ওষুধ পরিবহন ও গণমাধ্যম আগের মতোই সচল থাকবে । শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। সরকার জানিয়েছে, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত থাকায় জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

TAGS-অফিস সময়সূচি পরিবর্তন, বিদ্যুৎ সাশ্রয়, শক্তি সংকট, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব, জ্বালানি সাশ্রয়
নবীনতর পূর্বতন